প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ০২:২৩:৫২
প্রজন্ম ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বা প্রতারণা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে। কোনও অপরাধীর সঙ্গে আলোচনা হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রীয় বিমান সংস্থার ফ্লাইটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসতে চান। ভাগ্যিস বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান!
তিনি আরও জানান, সরকার এখন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চায়।
আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে জাহেদ বলেন, দলটি দেশজুড়ে তাণ্ডব চালানোর চেষ্টা করেছে, তবে খুব একটা সফল হয়নি। তারা কোনও ঝটিকা মিছিলও করতে পারছে না।
চলতি নভেম্বর মাসে সারা দেশে ঘটে যাওয়া নাশকতার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটনা হয়েছে ১২১টি, পরিবহনে আগুন ৯৯টি, সহিংসতায় নিহত একজন ও আহত ১১ জন এবং মামলা হয়েছে ৬২টি। এছাড়া পুলিশের ওপর হামলা চারটি, থানায় হামলা হয়েছে, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূসের দাবির বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকের ১০০টি স্থাপনায় হামলা হয়েছে এবং গোপালগঞ্জের একটি হাসপাতালে আগুন দেওয়া হয়েছে—যা যুদ্ধেও হয় না।
আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে আছেন উল্লেখ করে জাহেদ বলেন, অনুপ্রবেশ ঘটলেই যাতে তাদের বিচারের আওতায় আনা যায়, সে জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নড়াইলের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ নিয়ে ভারতে অপপ্রচার চলছে, যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায়। ভারতকে এ ধরনের অপপ্রচার থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নড়াইলে আওয়ামী লীগের কিছু বাড়ি পোড়ানোর ঘটনাকে একটি ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা।
সাঈদ খোকনের আইনজীবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যা হয়েছে তা ঠিক হয়নি। যে-কেউ আইনজীবী নিয়োগ দিয়ে বিচার চাইতে পারেন। এটি অন্যায় হয়েছে এবং সরকার এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
বিরোধী দল দমন-পীড়নে শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল
হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেয়া হবে, ঋতুকেন্দ্রিক ঐক্য টেকসই নয়
ঐক্যের কথা বলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন বিএনপির দ্বিমুখীতা
ভাগ্যিস শেখ হাসিনা বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব: শিশির মনির
সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির
বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই: রুমিন ফারহানা